বড়পর্দায় কি দেখা যাবে সালমান ও সামান্থার রসায়ন?
সামান্থা রুথ প্রভু ও সালমান খান। ছবি: সংগৃহীত
বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণী ‘সেনসেশন’ সামান্থা রুথ প্রভু-এই দুই তারকাকে কি একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে? বর্তমানে বলিউডের অলিতে-গলিতে এই গুঞ্জনই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, পরিচালক জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি.কে.- এর আসন্ন সুপারহিরো কমেডি প্রজেক্টে সালমান ও সামান্থার নাম ভাবা হচ্ছে। এটি হবে শুধুই অ্যাকশন সিনেমা নয়, বরং সুপারহিরো উপাদান এবং হাস্যরসের এক অনন্য মিশেল।
সিনেমায় সালমানকে দেখা যাবে এক ক্লান্ত সুপারহিরোর ভূমিকায়, যিনি দীর্ঘদিন ধরে পৃথিবীকে রক্ষা করার পর অবসর নিতে চান। কিন্তু পরিস্থিতি তাকে শান্তিতে থাকতে দেয় না। নানা ঘটনার জেরে বারবার তাকে আবারও অ্যাকশনে ফিরতে হয় এবং শেষ পর্যন্ত এক বিশাল সংঘাতের মুখোমুখি হতে হয়।
নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ‘হাই-কনসেপ্ট’ সুপারহিরো কমেডি। গল্পে থাকবে অ্যাকশন, হাস্যরস এবং বিনোদনের সমন্বয়। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসে সলমনকে আনুষ্ঠানিকভাবে সিনেমার চিত্রনাট্য শোনানো হবে।
চিত্রনাট্যের প্রাথমিক ধারণা শুনে দুই পক্ষই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সালমান খান বর্তমানে নিজের অন্যান্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, রাজ ও ডিকে-র এই নতুন আইডিয়া তাকে বেশ আকৃষ্ট করেছে।
আরও পড়ুন:
মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী?
অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’, মুক্তির আগেই কোটি কোটি আয়
ভক্তরা অপেক্ষা করছেন যে, সালমান ও সামান্থার এই রসায়ন বড়পর্দায় কতটা জাদু তৈরি করতে পারবে। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং সিনেমার শুটিং শুরু হতে পারে এই নভেম্বর থেকেই।
এমএমএফ