কত সম্পদের মালিক ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান?
আমির খান। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান- যিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই বেশি পরিচিত। গতকাল (১৪ জানুয়ারি) ৬১ বছরে পা রেখেছেন এ নায়ক। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও বলিউডের শীর্ষ ধনী তারকাদের একজন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদের মালিক আমির খান। সম্পদের দিক থেকে তিনি বলিউডের অন্য দুই খান- শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পাল্লা দেন।
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাড়িতে থাকেন আমির। প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই দুইতলা বাড়ির একটি অংশে তার ব্যক্তিগত অফিসও রয়েছে। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি রুপি।
এছাড়া মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় তার একটি বাগানবাড়ি রয়েছে। প্রায় দুই একর জমির ওপর নির্মিত এই বাড়িটি তিনি প্রায় সাত কোটি রুপিতে কিনেছিলেন। ব্যস্ত শহুরে জীবন থেকে সময় পেলেই সেখানে অবসর কাটাতে পছন্দ করেন এই অভিনেতা।
শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকাতেও রয়েছে আমির খানের একটি বিলাসবহুল বাড়ি। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খানেরও।
সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে লাভের অংশ নেন আমির খান। সে হিসেবে একটি সিনেমা থেকে তার আয় প্রায় ৮০ কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে জানা যায়। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি মোটা অংকের পারিশ্রমিক পান, যা প্রতি চুক্তিতে প্রায় ১২ কোটি রুপির কাছাকাছি।
বিলাসবহুল গাড়ির প্রতিও রয়েছে তার ঝোঁক। তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ ও রোলস রয়েসের মতো দামি গাড়ি।
আরও পড়ুন:
বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নায়িকার প্রশ্ন
এপেস্টিন ফাইলস নিয়ে সতর্কবার্তা দিলেন আমির খান
ব্যক্তিজীবনে আমির খানের তিন সন্তান। সাবেক স্ত্রী রিনা দত্তর সঙ্গে তার দুই সন্তান-জুনেইদ খান ও আইরা খান। আর কিরণ রাওয়ের সঙ্গে রয়েছে এক পুত্রসন্তান। সম্প্রতি তার ব্যক্তিজীবনে নতুন সঙ্গী হিসেবে এসেছেন গৌরী স্প্র্যাট।
সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক উদ্যোগ-সব দিক মিলিয়ে বলিউডের অন্যতম ধনী ও প্রভাবশালী তারকা হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
এমএমএফ/জেআইএম