রেকর্ড ভাঙার পথে ‘ধুরন্ধর ২’, ৮ দিনেই আয়ের পাহাড়
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র একটি দৃশ্যে রণবীর সিং। ছবি: সংগৃহীত
আদিত্য ধরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। সেই ইতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে আয়ের খাতাতেও। মাত্র ৮ দিনেই ৬০০ কোটির মাইলফলক পেরিয়ে নতুন ইতিহাস গড়ার পথে এগোচ্ছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির অষ্টম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩ কোটি ২৫ লাখ রুপি। এর ফলে ৮ দিনে ভারতে মোট নেট কালেকশন পৌঁছেছে ৬৬৭ কোটি ২২ লাখ রুপিতে।
তবে সপ্তম দিনের তুলনায় অষ্টম দিনে আয়ে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। সপ্তম দিনে যেখানে আয় ছিল ৪৮ কোটি ২৫ লাখ রুপি, সেখানে অষ্টম দিনে তা কিছুটা কমে এসেছে।
বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমাটি সর্বত্রই ভালো সাড়া পাচ্ছে। ভাষাভিত্তিক আয়ের হিসাবে দেখা যায়-হিন্দিতে ৪০ কোটি ৬০ লাখ রুপি, তামিলে ৬৮ লাখ এবং তেলুগুতে ১ কোটি ৯৭ লাখ রুপি সংগ্রহ করেছে। হিন্দির পর তেলুগু ভার্সন থেকেই এসেছে দ্বিতীয় সর্বোচ্চ আয়।
এদিকে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ভারতে মোট ৬৪০ কোটি ২৫ লাখ রুপি আয় করেছিল। অন্যদিকে প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি সংগ্রহ করেছিল ৬৪৬ কোটি ৩১ লাখ রুপি। সেই তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এরই মধ্যে বড় রেকর্ড ভাঙার দৌড়ে এগিয়ে রয়েছে।
দিনভিত্তিক আয়ের হিসাবও বেশ চমকপ্রদ। প্রিভিউতে ৪৩ কোটি রুপি আয় করার পর প্রথম দিনেই ১০২ কোটি ৫৫ লাখ রুপি ঘরে তোলে সিনেমাটি। এরপর দ্বিতীয় দিনে ৮০ কোটি ৭২ লাখ, তৃতীয় দিনে ১১৩ কোটি, চতুর্থ দিনে ১১৪ কোটি ৮৫ লাখ, পঞ্চম দিনে ৬৫ কোটি, ষষ্ঠ দিনে ৫৬ কোটি ৬০ লাখ এবং সপ্তম দিনে ৪৮ কোটি ২৫ লাখ রুপি আয় করে।
অষ্টম দিনের শো অনুযায়ী দর্শক উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সকালে ২৪ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ৪১ দশমিক ৫৪ শতাংশ এবং সন্ধ্যায় ৪৩ দশমিক ৩৮ শতাংশ উপস্থিতি দেখা গেছে। সব মিলিয়ে গড় অকুপেন্সি দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৫১ শতাংশে। তবে রাতের শোয়ের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ হয়নি।
ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন রণবীর সিং। এছাড়া আরও অভিনয় করেছেন রাকেশ বেদি, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, দানিশ প্যান্ডোর এবং মানব গোহিল।
আরও পড়ুন:
‘ধুরন্ধর ২’ ঘিরে নতুন বিতর্ক
আবারও কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মালাইকা?
সব মিলিয়ে একদিকে দর্শকদের প্রশংসা, অন্যদিকে কিছু সমালোচকের ‘প্রোপাগান্ডা’ তকমা-দুইয়ের মাঝেই বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কত দূর গিয়ে থামে এ সিনেমার জয়যাত্রা।
এমএমএফ