ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রিয়ানার বাড়িতে গুলি: অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১১ মার্চ ২০২৬

মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত নারীকে আদালতে হাজির করা হয়েছে। ঘটনার দুই দিন পর মঙ্গলবার (১০ মার্চ) তাকে লস অ্যাঞ্জেলসের একটি ফৌজদারি আদালতে তোলা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ রোববার দুপুর সোয়া একটার দিকে আচমকা গুলির শব্দ শোনা যায় রিহানার বেভারলি হিলসের বাড়ির সামনে। বাইরে থেকে ছোড়া কয়েক রাউন্ড গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতর পর্যন্ত চলে যায়। সে সময় গায়িকা বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

এই ঘটনায় ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশ। অভিযুক্তের নাম ইভানা লিসেট অরটিজ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত আগামী ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।

জানা গেছে, শুরুতে অভিযুক্তের জামিন ১০ মিলিয়ন ডলার ধার্য করা হয়েছিল। পরে তা কমিয়ে ১ দশমিক ৮৭৫ মিলিয়ন ডলার করা হয়।

আরও পড়ুন:
বড়পর্দায় কি দেখা যাবে সালমান ও সামান্থার রসায়ন? 
হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন 

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভানা লিসেট অরটিজের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার ১০টি অভিযোগ এবং জনবহুল যানবাহনে গুলি চালানোর দুটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এমএমএফ

আরও পড়ুন