অবৈধ ড্রোনে শুটিং, আইনি জটে রণবীরের ‘ধুরন্ধর ২’ টিম
‘ধুরন্ধর ২’ সিনেমার একটি দৃশ্যে রণবীর সিং। ছবি: সংগৃহীত
‘এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…’, এমন সংলাপেই মঙ্গলবার প্রকাশ্যে আসা ‘ধুরন্ধর’র দ্বিতীয় ভাগের ঝলক এরই মধ্যে দর্শকমহলে তুমুল আলোড়ন ফেলেছে। ‘হামজা আলি’ লুকে রণবীর সিংয়ের উপস্থিতি যেমন উত্তেজনা বাড়িয়েছে, তেমনি টিজার প্রকাশের কিছুক্ষণ পরই আইনি জটিলতায় জড়িয়ে পড়ল ছবির নির্মাতা দল।
তবে বিতর্কের কারণ সংলাপ নয়, বরং শুটিং চলাকালীন অবৈধভাবে ড্রোন ব্যবহারের অভিযোগ। জানা গেছে, গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর’র দ্বিতীয়ভাগের শুটিং চলছে। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে সেখানে তৈরি করা হয়েছে বিশেষ সেট। অলি-গলির আবহে কখনো কাঠের বারান্দায় সঞ্জয় দত্ত, আবার কখনো ‘হামজা’ রূপে রণবীর সিং- শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত এরই মধ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।
এই শুটিং চলাকালীনই অভিযোগ ওঠে, নির্মাতা আদিত্য ধরের টিম বিনা অনুমতিতে ড্রোন উড়িয়ে শুটিং করেছে। বিষয়টি নজরে আসতেই মুম্বাই পুলিশ ব্যবস্থা নেয়। এরই মধ্যে এমআরএ মার্গ থানায় সিনেমার লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকা অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। সেখানে একাধিক সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান থাকায় নিরাপত্তা ব্যবস্থা বরাবরই কড়া। ফলে ওই এলাকায় আকাশপথে কোনো ধরনের যন্ত্র বা ড্রোন ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। নিয়মিত প্রশাসনিক নজরদারির মধ্যেই এই শুটিং চলছিল।
অভিযোগ প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ড্রোন ব্যবহার করে আকাশসীমা সংক্রান্ত নিয়ম ভেঙেছে ‘ধুরন্ধর ২’ টিম। সেই কারণেই বলিউডের এই শুটিং ইউনিটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।
আরও পড়ুন:
আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার
শহিদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা
পুলিশি তথ্য অনুযায়ী, ‘ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষের আদেশ অমান্য করা’র অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মীকির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ড্রোন শুটের জন্য আগাম পুলিশি অনুমতি নেওয়া হয়নি বলেই এই আইনি পদক্ষেপ।
এই ঘটনায় আপাতত চাপে ছবির নির্মাতা দল। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এমএমএফ