ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

একদিনে দেশে আসছে বিদেশের তিনটি বড় সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:১২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

একসঙ্গে স্টার সিনেপ্লেক্সের পর্দায় হলিউডের তিনটি বড় সিনেমা মুক্তি পাচ্ছে। ছবিগুলোর মুক্তি বছরের শুরুতেই দর্শকের বিনোদনকে রঙিন করবে। সিনেমাগুলো হলো ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ‘মার্সি’ এবং হরর থ্রিলার ‘প্রাইমেট’।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই সিনেমাগুলো দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল
‘২৮ ডেজ লেটার’ ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ পরিচালনা করেছেন নিয়া ডা কস্টা, অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারি প্রমুখ। সিনেমার গল্পে ২৮ বছর পর ব্রিটেনে রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার পর গঠিত ভয়াবহ ধর্মীয় ও আধা-সামরিক সমাজের চিত্র ফুটে উঠেছে। সিনেমায় কিশোর ছেলে স্পাইক এক রহস্যময় ও শক্তিশালী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে, যেখানে ধর্ম, ভয়, বিশ্বাস ও বেঁচে থাকার লড়াই কেন্দ্রীয় ভূমিকা পালন করে।


২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল ছবির পোস্টার

আরও পড়ুন
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান

মার্সি
বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ, অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, রেবেকা ফার্গুসন। গল্পে একজন ডিটেকটিভ ক্রিস রাভেন, যার স্ত্রী মারা যায় এবং অকারণে হত্যার অভিযোগে অভিযুক্ত হন। এআই বিচারকের সামনে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেই সিনেমার উত্তেজনা। সিনেমা দেখাবে মানবতা বনাম প্রযুক্তি, ন্যায়বিচার বনাম দ্রুত বিচার, সত্য বনাম প্রমাণ বিষয়গুলো।


মার্সি ছবির দৃশ্য

প্রাইমেট
হরর থ্রিলার ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস, অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, ট্রয় কোটসুর, ভিক্টোরিয়া ওয়াইন্ট, গিয়া হান্টার। হাওয়াইয়ের একটি দূরবর্তী বাড়িতে পোষা শিম্পাঞ্জি বেন আচরণ পরিবর্তন করে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। গল্প ঘিরে পরিবার, বন্ধুরা এবং বেঁচে থাকার লড়াইয়ের থ্রিলার তৈরি হয়। সিনেমাটি ইতিমধ্যেই ৩২ মিলিয়ন ডলার আয় করেছে এবং রটেন টমেটোসে ৭৯% সমালোচকের ইতিবাচক রেটিং পেয়েছে।


প্রাইমেট ছবির একটি দৃশ্য

স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশের দর্শকরা আগ্রহের সঙ্গে সিনেমাগুলো উপভোগ করবেন। বছরের শুরুতে এটি একটি রঙিন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হবে।’

 

এলআইএ