ভোট দিয়ে ভিডিও বার্তায় যা বললেন নিপুন
আশফাক নিপুন। ছবি: সংগৃহীত
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে দেখা গেছে তারকাদের উপস্থিতি। অভিনয়শিল্পী, নির্মাতা, গায়ক-গায়িকারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তারা।
ভোট দিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে যান নির্মাতা আশফাক নিপুন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার মধ্যেই কেন্দ্রে হাজির হন তিনি। লাইন বেশি থাকায় সকাল ৮টা ১০ মিনিটে তার ভোট দেওয়ার সুযোগ হয় বলে জানিয়েছেন এই নির্মাতা।
ভোট শেষে এক ভিডিও বার্তায় আশফাক নিপুন সব সচেতন নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।”
ভিডিওর ক্যাপশনে নিপুন লেখেন, “ভোট দেওয়া শেষ। সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে গিয়েছিলাম। লাইন বেশি থাকায় আমার পালা আসে ৮টা ১০ মিনিটে। খুব সুন্দর পরিবেশ, ভোটাররা উৎসাহী, কর্মকর্তারাও খুব আন্তরিক-ভোট দিতে পেরে ভালো লাগছে।”
এর আগে বুধবার চট্টগ্রামে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে জানান, বাসায় ঢোকার আগেই বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার গান শুনেছেন এবং পাড়ার মোড়ে বহু বছর পর নির্বাচনী টেবিল বসতে দেখেছেন।
নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার প্রসঙ্গ টেনে নিপুন লেখেন, সময়মতো নির্বাচন আয়োজন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন:
একশ ভোট দিতেও রাজি ভক্তরা, নেত্রী হিমির পোস্টে হাসির বন্যা
বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল
ভোট দিয়ে সন্তুষ্ট আবুল হায়াত, চান যোগ্য প্রার্থীর জয়
ভোট ঘিরে তারকাদের এমন অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করছেন তারা।
এমএমএফ