ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

তারেক জিয়া নামটি মানেই সোনার বাংলাদেশ!: দিলরুবা খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

 

জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলের প্রসঙ্গে সন্তোষ ও অভিনন্দন জানিয়েছেন।

স্ট্যাটাসে দিলরুবা খান লিখেছেন, “অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান! শহীদ জিয়ার আদর্শ আর বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের প্রতিফলন আজ আপনার এই বিজয়ে আমরা গর্বিত। আপনি দেশের বাইরে থেকেও দলকে ধরেছেন শক্ত হাতে, আজ তারই সুফল ভোগ করবে পুরো বাংলাদেশ।”

তিনি আরও বলেছেন, “দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, জেল-জুলুম আর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ লাল-সবুজের পতাকার হাসিতে আপনার প্রতিদান মিলল।” স্ট্যাটাসে একটি বাণী তুলে ধরে তিনি লিখেছেন, “জানি সত্যর জয় চিরদিনই হয় ধৈর্যের আছে ফল, বিএনপি তার বড় প্রমাণ তারেক জিয়াই বল।”

দিলরুবা খান আশা প্রকাশ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে “সুশাসন প্রতিষ্ঠা” হবে এবং “ঘুচবে সকল দুঃখের শেষ।” স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, “তারেক জিয়া নামটি মানেই সোনার বাংলাদেশ!”

এদিকে দিলরুবা খান সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে গেয়েছেন একটি পুঁথি ও একটি কিচ্ছা।

দিলরুবা খানের ভাষ্য, ঐতিহ্যবাহী পুঁথির ছন্দ এবং কিচ্ছার বর্ণনাভঙ্গিতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে, এটি কেবল ব্যক্তিকেন্দ্রিক কাজ নয়, বরং লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা পুনরুজ্জীবিত করার উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, গ্রামবাংলার চিরচেনা এই শৈল্পিক উপস্থাপনা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষায় আগ্রহ সৃষ্টি করবে।

গত ২৫ ও ২৬ জানুয়ারি) পর্যায়ক্রমে পুঁথি ও কিচ্ছা দুটি তার ইউটিউব চ্যানেল ‘Dilruba Khan Official’- প্রকাশিত হয়েছে।

শিল্পী আবদুল আলীমের গান গেয়ে গানের জগতে যাত্রা শুরু দিলরুবা খানের। তার বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী হলেও তিনি চাননি তার মেয়ে গান করুক। তবুও গানের প্রতি প্রবল আকর্ষণ আর নিজস্ব প্রতিভার কল্যাণে লোকগানে নিজের জায়গা করে নিয়েছেন দিলরুবা।

আরও পড়ুন:
খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে দিলরুবা খানের ভিন্নধর্মী আয়োজন 
ভোটের আনন্দে রাতভর ঘুম হয়নি দিলরুবা খানের 

দিলরুবা খানের গাওয়া ‘দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ গানটি গাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯১ সালে তার গাওয়া ‘পাগল মন’ এতটাই জনপ্রিয়তা পায় যে, তার নামই হয়ে যায় ‘পাগল মন দিলরুবা’। সংগীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। দিলরুবা খান চলচ্চিত্রের গানেও কণ্ঠদিয়ে প্রশংসিত হয়েছেন।

এমএমএফ

আরও পড়ুন