ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রিয়ানার বাড়িতে গুলিবর্ষণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় গায়িকা নিজ বাড়িতেই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হননি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার (৮ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ত্রিশের কোঠার ওই নারী একটি গাড়ি নিয়ে রিয়ানার বাড়ির সামনে এসে থামেন। এরপর তিনি বাড়ির দিকে লক্ষ্য করে পরপর সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে গায়িকার বাড়ি থেকে প্রায় ৮ মাইল বা ১২ কিলোমিটার দূরে তার গাড়িটি উদ্ধার করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে এখনো সন্দেহভাজন ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

রিয়ানার আসল নাম রবিন ফেন্টি। শূন্য দশকের শুরুতে ‘পন দে রিপ্লে’ ও ‘আমব্রেলা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। সম্প্রতি নিজের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর পূর্তি উদযাপনও করেছেন এই পপ তারকা।

সংগীতের পাশাপাশি ব্যবসায়ও বড় সাফল্য পেয়েছেন রিয়ানা। ২০১৭ সালে তিনি চালু করেন প্রসাধনী ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’, যা অল্প সময়েই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। পরে অন্তর্বাস ব্র্যান্ড ‘স্যাভেজ এক্স ফেন্টি’ চালু করেন তিনি।

আরও পড়ুন:
মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত 
সংগীত অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া 

আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, একসময় রিয়ানার সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি। বিশ্বের ধনীতম নারী সংগীতশিল্পীদের একজন তিনি।

এমএমএফ

আরও পড়ুন