তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের
হিরো আলম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্ত হয়ে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলাকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করেছেন। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তান ও কাছের মানুষেরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।
মুক্ত হয়ে হিরো আলম বলেন, ‘যেদিন আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেবো বলে ঘোষণা দিলাম তার পরদিনই আমাকে গ্রেফতার করা হয়। আমাকে হয়রানি করার জন্যই এই মামলাটি সাজানো হয়েছে। সম্পূর্ণই ষড়যন্ত্র। গত বুধবারই আমার জামিন হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাকে আটকে দেয় যাতে করে আমি উপনির্বাচনে অংশ নিতে না পারি।'
হিরোর ভাষ্য, ‘মূলত আমাকে নির্বাচনের বাইরে রাখতেই আরও এক সপ্তাহ জেলে আটকে রাখা হয়। এখন মনোনয়নের সব কার্যক্রম শেষ হওয়ার পর আমি জামিন পেলাম। একজন নাগরিক হিসেবে আমি যে কোনো নির্বাচনেই অংশ নেয়ার অধিকার রাখি। আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হলো পরিকল্পনা করে।’
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে হওয়া ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে বিস্তারিত কথা বলবেন তিনি।
প্রসঙ্গত, হিরো আলমকে গ্রেফতার মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, ‘সত্যের জয় সব সময়ই হয়। আমি এই মামলার শেষ দেখে ছাড়ব, কোনো আপস করব না।’
এমআই/এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’
- ২ এক টিকিটে চার সিনেমার আনন্দ দেবে ‘প্রেশার কুকার’
- ৩ ৪৪ বছর পর সাবিনা ইয়াসমিন নতুন সিনেমায় গাইলেন ‘এই মন তোমাকে দিলাম’
- ৪ তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের
- ৫ ‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ