শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’
‘প্রিন্স’ ছবিতে শাকিব খান
শাকিব খান অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘প্রিন্স’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্সকে ঘিরে এই ছবির গল্প। এর টিজার মুক্তি পাওয়ার পরই সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রি ব্লাস্ট প্রকাশের আগেই শাকিবিয়ানরা খবরটি পেয়েই ব্যস্ত হয়ে পড়েছেন লাইক, কমেন্ট আর শেয়ারে।
টিজারের শুরুতেই ভয়েসওভারে বলা হলো, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ংকর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’
এরপর শাকিবের মারকাটারি অবতারে পর্দায় হাজির ‘প্রিন্স’। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সীসা ঢুকানো, ঝাপিয়ে পড়া- সবকিছুই দেখা যাচ্ছে তার অ্যাকশনে। কণ্ঠে তাচ্ছিল্যের সুরে শাকিব বলেন, ‘সব শেয়াল কুকুর দেখি একসাথে হইছে। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’
প্রি ব্লাস্টে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলক। বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের জনপ্রিয় ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে।
নেটিজেনরা প্রশংসায় ভাসছেন। কেউ লিখেছেন, ‘মাথা নষ্ট করা টিজার।’ কেউ বলছেন, ‘নতুন ইতিহাস তৈরি করবে।’ আরেকজন লিখেছেন, ‘ওই কীরে ওই কীরে, প্রিন্স পুরাই আগুন।’
তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেতা লোকনাথ দে, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও জনপ্রিয় তারকারা ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন।
ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এর প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
এলআইএ