ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘যা লাগে নিয়ে যান’, টাকার বান্ডেল দেখিয়ে বলেছিলেন সুমন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ মার্চ ২০২৬

শামস সুমন হিমঘরে। চিরঘুমে যাওয়ার অপেক্ষায়। তার জানাজায় অংশ নিয়ে বিষণ্নমুখে চ্যানেল আই প্রাঙ্গনে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ। সুমনের মতো তিনি নিজেও একজন বাচিকশিল্পী। স্মৃতিচারণ করতে বললে আরও বিষণ্ন হয়ে ওঠে তার মুখ।

সংস্কৃতি অঙ্গনে শামস সুমনের পথচলার শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর হাত ধরে। আবৃত্তির মঞ্চ থেকেই তিনি গড়ে তুলেছিলেন নিজের শিল্পীসত্তা, যা পরে তাকে নিয়ে যায় অভিনয়ের জগতে। আরমান পারভেজ মুরাদ বলেন, ‘আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন সুমন ভাই রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য ছিলেন। নিয়মিত মঞ্চে আবৃত্তি করতেন। তার কবিতা নির্বাচন, আবৃত্তির ভঙ্গি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তখন থেকেই তাকে অনুসরণ করি।’

রাজশাহী থেকে সুমন ঢাকায় আসেন। অভিনয় করে জনপ্রিয়তা পান। অনুজ শিল্পীদের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। সে প্রসঙ্গে আরমান পারভেজ মুরাদ বলেন, ‘সুমন ভাই একদিন ঢাকায় এসে জনপ্রিয় হয়ে উঠলেন। শাহবাগে তার সঙ্গে নিয়মিত দেখা হতো। পরে সুমন ভাই আমাকে বিভিন্ন চ্যানেলে পরিচয় করিয়ে দেন। বিশেষ করে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের একুশে টেলিভিশনের নাটক ‘নিশীথে নোঙর’-এ অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন।’

‘যা লাগে নিয়ে যান’, টাকার বান্ডেল দেখিয়ে বলেছিলেন সুমন

এক অদ্ভুত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে মুরাদ বলেন, ‘সুমন ভাই অত্যন্ত সুশৃঙ্খল জীবনযাপন করতেন। একবার রেডিও ভূমিতে সারাদিন কাজ করার পর তিনি আমাকে টেবিলে রাখা টাকার একটা বান্ডেল দেখিয়ে বলেছিলেন, যা লাগে প্রয়োজন মতো নিয়ে যান।’ কেন বলেছিলেন? ‘তিনি বিনয়ের সঙ্গে বলেছিলেন, আমাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য তার নেই। তাই আমি যেন নিজের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিই।’

শামস সুমনকে নিয়ে আরও পড়ুন:
সুমনের জানাজায় তারকারা, যুক্তরাজ্য থেকে পরিবার ফিরলেই দাফন 
তীব্র অর্থকষ্ট ছিল সুমনের, বলছে জয়ের খোলাচিঠি
কোটাব্যবস্থা ‘অন্যায্য’, টিভিতে বলেছিলেন সুমন, জানুন তার আদ্যোপান্ত
মারা গেছেন অভিনেতা শামস সুমন

কার্ডিয়াক অ্যারেস্টে গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনয়শিল্পী শামস সুমন। তার বয়স হয়েছিল ৬১ বছর। আজ সকার ১১টায় চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে পরিবার ফিরলে তাকে দাফন করা হবে। তার মরদেহ রাখা হয়েছে সিএমএইচের হিমঘরে।

এমআই/আরএমডি