গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান
অরিজিৎ ও জাংকুক
বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। দুই দেশের এই দুই তারকার একসঙ্গে কাজের খবর এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্রিটিশ গায়ক এড শিরানের পর এবার জাংকুকের সঙ্গে গান আনতে যাচ্ছেন অরিজিৎ। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
সম্প্রতি ইনস্টাগ্রামে অরিজিৎ সিংয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন জাংকুক। সেটাই এই জল্পনাকে আরও জোরালো করেছে। একটি ছবিতে দেখা যায়, তারা একসঙ্গে খাবার খাচ্ছেন। আরেকটিতে জাংকুক গিটার বাজাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনছেন অরিজিৎ।
তৃতীয় ছবিতে দুজনকে একটি মিউজিক রুমে বসে থাকতে দেখা যায়। এই ছবিটি নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছে।
ইনস্টাগ্রাম পোস্টে জাংকুক জানান, তিনি সম্প্রতি গোপনে ভারতে এসেছিলেন শুধুমাত্র গানের কাজের জন্য। তিনি লেখেন, ‘এটা বেশ কিছুদিন ধরে গোপন রাখতে চেয়েছিলাম... আমি কাউকে না জানিয়ে ভারতে এসেছিলাম। কোনো শোয়ের জন্য নয়, ক্যামেরার জন্যও নয়। শুধু গানের জন্য। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা হলো, আমরা একসঙ্গে বসে কথা বলেছি, স্মৃতি ভাগ করেছি এবং বিশেষ কিছু তৈরি করেছি।’
অন্যদিকে, চার বছর বিরতির পর ২০ মার্চ প্রকাশ পেয়েছে বিটিএস ব্যান্ডের নতুন অ্যালবাম ‘আরিরাং’। এটি তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম। মুক্তির প্রথম দিনেই প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।
এই অ্যালবামের ‘সুইফম’ গানটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। ৯০টি দেশের সংগীত তালিকায় শীর্ষে রয়েছে গানটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ফ্রান্সসহ বড় বড় বাজারেও এক নম্বর অবস্থান ধরে রেখেছে এটি। দক্ষিণ কোরিয়াতেও দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে গানটি।
এলআইএ