ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

চমক দেখাচ্ছে নিশোর ‘দম’, তিনদিনেই আয় কোটি টাকা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘দম’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকপ্রিয়তা এগিয়ে রয়েছে। ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে আয়ের দিক থেকেও প্রথম তিনদিনেই কোটি টাকার ঘরে পোঁছে গেল ‘দম’। ।

প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, সিনেমাটির চাহিদা বাড়ায় স্টার সিনেপ্লেক্সে শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টি। এর সঙ্গে লায়ন সিনেমাসের ৩টি শো মিলিয়ে মোট ৩৫টি শো চলছে। এসব শোয়ের ২৭টি শো ছিল হাউজফুল, আরও ৩টি শো প্রায় পূর্ণ ছিল।

এসব শো থেকে আয়ের হিসাব নিয়ে বিএমআর তথ্য দিচ্ছে, মুক্তির তৃতীয় দিনেও সিনেমাটি মাল্টিপ্লেক্সে দাপট ধরে রেখেছে। যার ফলে ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে এটি বাংলাদেশে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকা গ্রোস কালেকশন অতিক্রম করেছে।

এটা আনঅফিসিয়ালি তথ্য। তবে ছবির প্রযোজনা সংস্থাও জানিয়েছে, তাদের হিসাবও এই আয়ের কাছাকাছি।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, মুক্তির প্রথম দিন থেকেই সব শো হাউজফুল ছিল এবং পরবর্তী দিনগুলোর বেশিরভাগ শোর টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক; বিশেষ করে সিনেমাটির ভিজ্যুয়াল, সংলাপ ও অভিনয় প্রশংসা পাচ্ছে। পরিপূর্ণ আয়ের হিসাব আমরা এখনো করিনি। তবে সিনেপ্লক্সগুলো থেকে যতদূর যা জানা গেছে আয়ের অংকটা কোটি ছাড়াবে।

‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ অনেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই ও চরকি।

সিনেমার একটি বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৪৪ বছর পর নতুন সংগীতায়োজনে গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি। বলার অপেক্ষা রাখে না, ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে এই গানটি।

 

এমআই/এলআইএ