ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

স্টার সিনেপ্লেক্সে দুই শো পেল ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৪ মার্চ ২০২৬

ডিসিপি জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে অধরা ছিল শাকিব খানের ঈদের ছবি ‘প্রিন্স’। অবশেষে আজ ২৪ মার্চ ঈদের চতুর্থ দিন সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় এসেছে সিনেমাটি। খবরটি সামজিক মাধ্যমে জানিয়েছে করেছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘প্রিন্স’-এর পোস্টার। সেখানে লেখা হয়েছে, ‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়- অ্যাকশন, ড্রামা আর এন্টারটেইনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা।

দর্শকদের আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘চলে আসুন নিকটস্থ যেকোনো ব্রাঞ্চের টিকিট কাউন্টারে। আজই দেখে ফেলুন প্রিন্স।’

তারা জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় চলবে ‘প্রিন্স’।

জানা যায় ৫.২০ মিনিটের এই শোটির টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এই কারণে রাত ৮:৩০ এ আরো একটি শো দেয়া হয়েছে। সেই শোয়ের অগ্রিম টিকিট নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘ডিসিপি জটিলতা না থাকলে আমাদের বিশ্বাস ছিলো সিনেপ্লেক্সগুলোতে শুরু থেকেই ‘প্রিন্স’ সর্বাধিক শো নিয়ে চলতো। আশা করা যাচ্ছে শিগগিরই সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চে অন্যান্য সিনেমার মতো বেশি শো নিয়ে ‘প্রিন্স’ চলবে।’

ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন সম্ভব হয়নি। এতে হতাশ হন শাকিবের দর্শকরা। অনেকে হতাশ হয়ে ফিরে যান। এবার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার আক্ষেপ ঘুচলো।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।

পর্দায় প্রথমবারের মতো শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ ও টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।

 

এলআইএ