ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ভক্তদের সংযত থাকতে বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২৬

দুই দশকের ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে আগের মতো নিয়মিত বড়পর্দায় দেখা না গেলেও বর্তমানে বিভিন্ন পণ্যের ফটোশুট ও প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এ তারকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক দীর্ঘ পোস্টে নিজের ক্যারিয়ার ও ভক্তদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার কথা তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি লেখেন, দীর্ঘ পথচলায় ভক্তরা যেভাবে ছায়ার মতো পাশে থেকেছেন, তার জন্য তিনি চিরঋণী। ভক্তরা তাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবেও গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, তার ভক্তদের বিশেষত্ব শুধু সংখ্যায় নয়; বরং তাদের শিক্ষা, রুচি ও মার্জিত আচরণে। ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, অহেতুক তর্ক-বিতর্ক বা কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থাকতে। তার ভাষায়, যারা নিজেদের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে।

পরিবার প্রসঙ্গ টেনে এই নায়িকা জানান, তার পরিবারই তার সবচেয়ে বড় গর্ব। প্রয়োজন অনুযায়ী তিনি নিজেই পরিবারকে সবার সামনে এনেছেন, তবে এখন আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, তাদের পরিচয় তাদের কাজ, শিক্ষা ও বংশমর্যাদার মধ্যেই নিহিত।

ভক্তদের সংযত থাকতে বললেন অপু বিশ্বাসঅপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

পোস্টে নিজের ছেলে আব্রাহাম খান জয়–এর কথাও উল্লেখ করেন অপু। ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যেভাবে তারা তাকে ভালোবাসায় আগলে রেখেছেন, ঠিক তেমনি জয়কেও স্নেহ-মমতায় আগলে রাখবেন।

আরও পড়ুন:
লুবাবার বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি 
বিয়ে নিয়ে লুবাবার নতুন বক্তব্য 

সবশেষে ভক্তদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, তারা কোনো বিতর্কে নয়; বরং ভালোবাসা ও কাজের গৌরবেই বিশ্বাসী। ভক্তদের এই মার্জিত আচরণকেই নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।

এমএমএফ

আরও পড়ুন