অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স
অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। দর্শকদের বহুদিনের অপেক্ষা শেষে আগামী ৭ এপ্রিল নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই আধুনিক সিনেমা হল।
ঈদুল ফিতর সামনে রেখে শাখাটি চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এনিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে নতুন তারিখ ঘোষণা করায় এখন স্বস্তি ফিরেছে সিনেমাপ্রেমীদের মাঝে।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হবে। প্রতিদিন দুপুর ও বিকেলে দুটি শো দিয়ে যাত্রা শুরু করলেও খুব শিগগির পূর্ণমাত্রায় সব শো চালু করা হবে।
নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে গড়ে ওঠা এই মাল্টিপ্লেক্সে রয়েছে মোট তিনটি হল। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে ৭৫টি আসন। আধুনিক সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিন ও নান্দনিক পরিবেশসহ বিশ্বমানের সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে পুরো কমপ্লেক্সটি।
কর্তৃপক্ষের মতে, দেশের চলচ্চিত্র শিল্প এগিয়ে নিতে শুধু ভালো সিনেমা নয়, প্রয়োজন উন্নতমানের প্রেক্ষাগৃহও। দর্শকদের রুচি ও প্রত্যাশার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতেই স্টার সিনেপ্লেক্সের এই সম্প্রসারণ।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে, যা ধীরে ধীরে জেলা ও উপজেলা পর্যায়েও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন এই শাখা চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সিনেমাপ্রেমীদের জন্য আধুনিক প্রেক্ষাগৃহে সিনেমা দেখার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
এলআইএ