সিনেমাটি দেখে পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তারেক রহমান
পূর্ণিমা। ছবি: সংগৃহীত
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা-সবই রয়েছে তার ঝুলিতে। তবে এত কিছুর মধ্যেও একটি বিশেষ স্মৃতি আজও নাড়া দেয় তাকে-একটি শুভেচ্ছাপত্র।
সম্প্রতি রুম্মান রশীদ খানেরর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে ২০০৩ সালের একটি ঘটনা।
পূর্ণিমা জানান, সে সময় তারেক রহমান (বর্তমান প্রধানমন্ত্রী) তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে একটি শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন। তখন তার মা খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন।
অভিনেত্রীর ভাষ্যে, ‘তিনি “মনের মাঝে তুমি” র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেখানে লিখেছিলেন, এমন সিনেমা নিয়মিতভাবে নির্মাণ হওয়া প্রয়োজন। আমরা যেন ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি-এই কামনাও করেছিলেন তিনি। তার এই সৌজন্যবোধ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল।’

পূর্ণিমা আরও জানান, তখন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন ছিল না বললেই চলে। তাই তার মা পরিচিত সাংবাদিকদের সেই চিঠিটি দেখিয়েছিলেন।
একই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার সম্পর্কেও নানা চমকপ্রদ তথ্য দেন এই অভিনেত্রী। তিনি বলেন, নির্মাতা রায়হান রাফীর ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমাতে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কেন কাজটি করা হয়নি, সেই কারণ জানা যাবে পডকাস্টে।
১৯৯৮ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন পূর্ণিমা। তবে মজার বিষয় হলো, এই সিনেমার জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক জনপ্রিয় নায়িকার পরিবর্তে সুযোগ পান তিনি-যার নামও প্রকাশ করেছেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে
আগামী শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।
এমএমএফ