টালিউডে আবারও চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি। এরপর থেকে ওপার বাংলার একাধিক প্রজেক্টে নিয়মিত দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
গত বছরের শেষ দিকে ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমার শুটিং শেষ করার পর এবার তিনি শেষ করেছেন নতুন টালিউড ছবি ‘আজাদি’র কাজ। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।
জানা গেছে, ‘আজাদি’ সিনেমার ডাবিংয়ের জন্য আগামী ১৫ এপ্রিল কলকাতায় যাচ্ছেন চঞ্চল চৌধুরী। একইসঙ্গে ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতির আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’য়ও অংশ নেবেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘আজাদি’ সিনেমাটি ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে তৈরি। এতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার ভাষায়, দেশভাগের সময় মানুষের টানাপোড়েন ও একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের গল্প নিয়েই এগিয়েছে সিনেমাটি।
এদিকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি) আয়োজিত ‘কেসিসি বৈঠকখানা’র দ্বিতীয় দিনে থাকছেন চঞ্চল চৌধুরী। সেখানে তার সঙ্গে আলোচনায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। “আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?” শীর্ষক আলোচনায় দুই দেশের দুই শিল্পী নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গীতিকার ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।
চঞ্চল চৌধুরী জানান, কয়েক বছর আগে ভিসা জটিলতার কারণে এই আয়োজনে অংশ নিতে পারেননি তিনি। এবার শুটিংয়ের সূত্রে সুযোগ মিলেছে। তিনি আশা করছেন, এই আড্ডা ও আলোচনা পর্বটি হবে সমৃদ্ধ ও প্রাণবন্ত।
আরও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছালো
‘প্রিন্স’ প্রমাণ করলো শুধু শাকিব খান হলেই হয় না, মসলাও লাগে
টালিউডের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি ঈদের নাটকেও দেখা গেছে তাকে।
এমএমএফ