আলোচনায় ভিনদেশি মডেলের সঙ্গে তাহসানের নতুন গান
ভিনদেশি মডেল, নির্মাতা ও লোকেশনে নির্মিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের নতুন গানের মিউজিক ভিডিও। এটি গেল ১৩ মে, শনিবার ইউটিউবে প্রকাশ পায়। তারপর থেকেই সংগীতাঙ্গনের আলোচিত গানের মধ্যে উঠে এসেছে ‘চলো না হারাই’ শিরোনামের গানটি। এর ভিডিওটি শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে তাহসান তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন কানাডিয়ান অধিবাসী হলিউডের জনপ্রিয় নির্মাতা পি.জি. (চববুবব)। আর ভিডিওটিতে তাহসানের সাথে মডেল হয়েছেন কোস্টারিকার সুপার মডেল ব্রি।
‘চলো না হারাই’ শিরোনামের গানটি প্রকাশ করেছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাওন গানওয়ালা আর সংগীত পরিচালনা করেছেন এপিরাস।
গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান তাহসান। সেখানেই তার সঙ্গে পি.জি.র পরিচয় হয়। এরপর কাজ। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিওর নির্মাতা হিসাবে খ্যাতি রয়েছে এই ভিডিও নির্মাতার।
গানটি ইউটিউবে প্রকাশের মাত্র চার দিন পার হতেই ভিউয়ার দাঁড়িয়েছে আট লাখের কাছাকাছি। এই সাফল্যে আনন্দিত তাহসান বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের দুটি সমুদ্র সৈকতে আমারা শুটিং করেছিলাম। দারুণ লোকেশন। দেখলেই মন ভরে যায়। আমার বিশ্বাস ছিলো মিউজিক ভিডিওটির লোকেশন এবং নির্মাণ দেখে দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন। অবশেষে প্রচুর সাড়া পেয়েছি এই গানটির জন্য। খুব ভালো লাগছে। আমার ভক্তদের ধন্যবাদ। সেইসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের জন্যও ভালোবাসা।’
বর্তমানে তাহসান ব্যস্ত রয়েছেন আসছে ঈদ উপলক্ষে নির্মিত নাটক-টেলিফিল্মের শুটিংয়ে। এবারের ঈদেও তিনি তার অভিনয়ের ভক্তদের জন্য নানা চমক নিয়ে হাজির হবেন বলে জানান।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর