গোলটেবিল বৈঠক
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে জোর বিশেষজ্ঞদের
‘হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা/ছবি: সংগৃহীত
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে জোর, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দেশের প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তারা টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কি না সে জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে কিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়াকে ব্যবহার করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
বর্তমান এই পরিস্থিতি মোকাবিলায় ও ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধ করার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় বৈঠকে। আলোচনার মূল বিষয়বস্তু ও সুপারিশসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারকে অবহিত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বিএমইউর শিশু রোগ বিভাগের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বিএমইউর এনেস্থিসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল, ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার মো. আরিফুর রহমান প্রমুখ।
কেএইচ/এমএমকে
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অন্ধত্ব নিরসনে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
- ২ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
- ৩ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে জোর বিশেষজ্ঞদের
- ৪ হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- ৫ ভোলা সদর হাসপাতালে ‘ম্যানেজ করে নেওয়া’ই বাস্তবতা!