জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও বার্তা
জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে এক ভিডিওবার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শনিবার (৪ এপ্রিল) এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আগামীকাল রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি একযোগে শুরু হবে। তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, এই কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যারা এরইমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না।
ড. মুহিত আরও জানান, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরবর্তীতে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব অভিভাবককে শিশুদের টিকাদান নিশ্চিত করতে এবং এই কর্মসূচিকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এসইউজে/এএমএ
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ হামে আক্রান্ত হয়ে আরও দুই মৃত্যু, নতুন রোগী ৭৮৭
- ২ ‘বিএনপি সরকারও বঞ্চিত করবে এটা ফেনীর মানুষ কখনো ভাবেনি’
- ৩ জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও বার্তা
- ৪ ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
- ৫ অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী