চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৬
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়/ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। নতুন শনাক্ত রোগী এবং সন্দেহভাজন রোগীরা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।
এতে নগরে নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪, এবং জেলার মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২২।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নতুন ল্যাব পরীক্ষার জন্য আরও ১১টি নমুনা পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।
এমআরএএইচ/বিএ