ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, প্রশাসনে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের উড়িষ্যা রাজ্যের কালাহাণ্ডি জেলায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের একটি স্কুলে ভয়াবহ যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। জেলার পরমানন্দপুর এলাকায় অবস্থিত ‘রেড ক্রস স্কুল ফর দ্য ব্লাইন্ড, ডেফ অ্যান্ড মিউট’-এর এক পুরুষ ওয়ার্ডেনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযুক্তের নাম সন্ধ্যা দর্শন মহাপাত্র। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্র ও ছাত্রী উভয়কেই শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে আসছিলেন। ভিডিও ফুটেজ এবং লিখিত অভিযোগে দেখা গেছে, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা ইশারা-ভঙ্গির মাধ্যমে তাদের ওপর হওয়া এই ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরছেন।

একটি ভিডিওতে দেখা যায়, ওই ওয়ার্ডেন আপত্তিকরভাবে এক ছাত্রীর পিঠ ও কাঁধ স্পর্শ করছেন। অন্য একটি ছবিতে তাকে স্কুলের একটি অন্ধকার ও নির্জন কোণে এক ছাত্রীর হাত ধরে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন>>
মেডিকেলে ভর্তিতে প্রতিবন্ধী কোটা পেতে নিজের পা কেটে ফেললেন তরুণ
‘গোমূত্র গবেষণার জন্য’ পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের পরিচালক!
ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

স্কুলের ছাত্ররা অভিযোগ করেছে, আগে এ ধরনের ঘটনার প্রতিবাদ করলে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করলে তাদের ওপর নেমে আসতো কঠোর শারীরিক ও মানসিক নির্যাতন। মুখ বন্ধ রাখতে শিক্ষার্থীদের ভয়ভীতিও দেখানো হতো।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। কালাহাণ্ডি জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা (ডিসিপিও) শৈলেন্দু মহাপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা শিশুদের ওপর যৌন নির্যাতনের বিষয়ে বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনটি জেলা কালেক্টরের কাছে জমা দেওয়া হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/