ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিপিআই সূচক

দুর্নীতিতে আবারও যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের পতন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বব্যাপী দুর্নীতির সূচকে আগের চেয়ে নিম্নস্তরে নেমেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে সূচকটি বৈশ্বিক পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিয়েছে যেখানে ৩১টি দেশের স্কোর উন্নত হলেও ৫০টি দেশের অবস্থার অবনতি ঘটেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থাটির প্রকাশিত করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই)–এ বিশ্বের ১৮২টি দেশকে সরকারি খাতে দুর্নীতির ধারণার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

২০১৫ সাল থেকে ধীরে ধীরে সূচকে নিচে নামছে যুক্তরাজ্য। ২০২৫ সালে দেশটি ১০০–এর মধ্যে ৭০ স্কোর নিয়ে ২০তম স্থানে নেমে এসেছে, যেখানে আগের বছর ছিল ৭১ স্কোর। সূচকে যুক্তরাষ্ট্র এক ধাপ নেমে ২৯তম স্থানে গেছে। দেশটির স্কোর ৬৪, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন। এ ঘটনায় লিথুয়ানিয়া যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।

এই পতনের ব্যাখ্যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রধান রাজনৈতিক দলের অর্থায়ন ঘিরে উদ্বেগের কথা উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় রেকর্ড ব্যয়ের ফলে ধনী দাতাদের ওপর নির্ভরতা বেড়েছে।

উদাহরণ হিসেবে বলা হয়, কনজারভেটিভ পার্টি এক বছরের কম সময়ে একজন দাতার কাছ থেকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড গ্রহণ করেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, লেবার দলের শীর্ষ নেতা ও যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন এবং দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–এর সম্পর্ক সংক্রান্ত তথ্যের কারণে যুক্তরাজ্য এ বছরও কেলেঙ্কারিতে জর্জরিত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েচে, জরিপগুলো ২০২৫ সালে পরিচালিত হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের সব ঘটনাই এতে অন্তর্ভুক্ত হয়নি। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, এনজিও ও সাংবাদিকদের কণ্ঠ রোধে সরকারি ক্ষমতার ব্যবহার, স্বার্থসংঘাতপূর্ণ রাজনীতির স্বাভাবিকীকরণ, বিচার ব্যবস্থার স্বাধীনতা ক্ষুণ্ন করার মতো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অবস্থান আরও নিচে নামাতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী ড্যানিয়েল ব্রুস বলেন, এই ধারাবাহিক পতন সাময়িক নয়। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কে এম