ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাথা নত করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের অতিরিক্ত দাবি মেনে নেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর প্রেক্ষাপটে বুধবার (১১ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন,
ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না।

তিনি আরও বলেন, আমাদের ইরান কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না। তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পূর্ণ শক্তি দিয়ে সংলাপ চালিয়ে যাচ্ছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হলে ইরানকে ‌‘খুব কঠিন কিছু’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন বিষয়ে তেহরান যদি তার দাবি মেনে না নেয়, তাহলে ইরানকে সম্ভাব্য সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

মঙ্গলবার প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের খুব কঠোর কিছু করতে হবে।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত কয়েক সপ্তাহে ট্রাম্প এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী বৃদ্ধির কথা বলেছেন, কাছাকাছি জলসীমায় একটি বিশাল বহর পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন।

সূত্র: এএফপি

এমএসএম