ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে ইউরোপীয় সংসদ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ইউক্রেনকে প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে ইউরোপীয় সংসদ। এই সহায়তা মূলত কিয়েভের জনসেবা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে দেওয়া হচ্ছে।

ইউরোপীয় সংসদের এ অনুমোদনকে স্বাগত জানিয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন। তিনি বলেন, ইউক্রেনের সাহস অটল। তেমনি আজ এবং আগামীকাল ইউরোপও তার পাশে থাকবে। কারণ একটি শক্তিশালী ইউক্রেন সমগ্র ইউরোপকে নিরাপদ রাখবে।

প্রস্তাবিত প্যাকেজের মোট অর্থ দুইটি প্রধান চ্যানেলের মাধ্যমে ইউক্রেনে বিতরণ করা হবে। এর মধ্যে একটি ম্যাক্রোইকোনমিক সহায়তা। এতে ৩৫ দশমিক ৮ বিলিয়ন ডলার যা ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা ইউক্রেন ফ্যাসিলিটি-এর মাধ্যমে সরবরাহ করা হবে।

এছাড়া প্রতিরক্ষা শিল্প ও সামরিক সরঞ্জামের জন্য ৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়া হবে যা ইউক্রেন ও ইইউ প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় ও বিতরণের জন্য ব্যবহৃত হবে।

ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলা বলেন, এই ভোট ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা দিয়েছে। এটি প্রয়োজনীয় জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে এবং দেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে।

প্রথম তহবিলের অংশ ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বিতরণ শুরু হবে তবে তা কার্যকর হবে ইইউ কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের পরে।

জানা গেছে, ২০২৬ ও ২০২৭ সালের জন্য ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা ডিসেম্বর ২০২৫-এ পুঁজিবাজার থেকে ঋণ গ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল।

এর আগে সদস্য রাষ্ট্ররা বেলজিয়ামে ফ্রিজ করা রাশিয়ান সম্পদ ব্যবহার করে ইউক্রেনে সরাসরি অর্থায়ন করার বিষয়ে সম্মত হতে ব্যর্থ হয়েছিল।

সূত্র: ইউরো নিউজ

কেএম