ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া এপ্রিলেই গাজায় পাঠাতে পারে ১ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়া এপ্রিলের মধ্যেই গাজায় প্রথম দফায় এক হাজার সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের ম্যান্ডেটপ্রাপ্ত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হতে পারে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইন্দোনেশীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, জুনের মধ্যে মোট আট হাজার সেনা প্রস্তুত রাখা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

তিনি বলেন, সেনা পাঠানোর সময়সূচি পুরোপুরি রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রযোজ্য আন্তর্জাতিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

আরও পড়ুন>>
গাজায় ৮ হাজার সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া
পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে মুসলিম ও পশ্চিমা বিশ্ব
গণহত্যা চালানো ইসরায়েলি বাহিনীর মধ্যে বহুজাতিক সেনাদের উপস্থিতি

এর আগে ইন্দোনেশীয় সেনাপ্রধান মারুলি সিমানজুন্তাক জানিয়েছিলেন, গাজায় পাঁচ হাজার থেকে আট হাজার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত সংখ্যা এখনো আলোচনাধীন।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নয়

শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জইনয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় সেনা পাঠানোকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ হিসেবে দেখা উচিত নয়।

মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা জনসংখ্যাগত পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা ইন্দোনেশিয়া ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে।

এছাড়া, এই মোতায়েন হবে সম্পূর্ণ অ-যুদ্ধভিত্তিক ও মানবিক ম্যান্ডেটের অধীনে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে।

বিবৃতিতে আরও বলা হয়, ইন্দোনেশীয় সেনারা কোনো যুদ্ধ অভিযানে বা সরাসরি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়াবেন না। তাদের ওপর কোনো পক্ষকে নিরস্ত্রীকরণের ম্যান্ডেটও থাকবে না।

তবে প্রস্তাবিত স্থিতিশীলতা বাহিনীর ম্যান্ডেটে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা এবং অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজন হলে বাহিনীকে ‘সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার তহবিল

ইন্দোনেশিয়া নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট প্রাবোও আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে অংশ নেবেন। সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ বিলিয়ন ডলার তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইন্দোনেশীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাবোও এই ফোরামে ফিলিস্তিনিদের সুরক্ষা ও টেকসই শান্তির পক্ষে দুই-রাষ্ট্র সমাধানের প্রস্তাব তুলে ধরবেন।

তিনি যুক্তরাষ্ট্র সফরে একটি শুল্ক চুক্তিও সই করতে পারেন। একই সঙ্গে বোর্ডের কথিত এক বিলিয়ন ডলারের সদস্য ফি নিয়ে আলোচনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

প্রাবোও সাংবাদিকদের বলেন, চুক্তি হলে এবং শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হলে আমরা প্রস্তুত থাকতে চাই।

ইন্দোনেশিয়া বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা প্রেরণকারী দেশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিশনে দেশটির ২ হাজার ৭০০র বেশি সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সংখ্যক সেনা রয়েছে।

ফিলিস্তিনের প্রতি ইন্দোনেশিয়ায় জনসমর্থন ব্যাপক। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটিতে বহুবার গণবিক্ষোভ হয়েছে। গত ৩ আগস্ট জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট এলাকায় হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা নিয়ে সমাবেশ করে।

বিশ্বের বৃহত্তম মুসলিম-অধ্যুষিত দেশ হিসেবে ইন্দোনেশিয়া গাজায় সহিংসতা বন্ধ এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশটি মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং কূটনৈতিক সমর্থনও প্রদান করেছে।

সূত্র: মিডল ইস্ট আই
কেএএ/