ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

রমজানের আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের আগে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকেই আল-আব্বাসিকে আটক করেছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি।

ওয়াফা আরও জানায়, এই গ্রেফতার এমন এক সময়ে ঘটলো, যখন ইসরায়েল আল-আকসা মসজিদ কেন্দ্র করে নানা সীমাবদ্ধতা জোরদার করেছে। ইমাম, খতিব ও মসজিদে অবস্থান নেওয়া মুসল্লিদের ওপর বিধিনিষেধ, প্রবেশে বাধা ও বসতি স্থাপনকারীদের বাড়তি আগ্রাসী অনুপ্রবেশ- সবই ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার সহায়তায় ঘটছে।

রমজান ঘিরে প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রেফতারের কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা পরে আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়।

আব্বাসি বলেন, তাকে কেন নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। তিনি বলেন, এই পদক্ষেপ অত্যন্ত বেদনাদায়ক। বছরখানেক আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ও সম্প্রতি আবার দায়িত্ব পালন শুরু করেছেন।

এদিকে, রমজানের নামাজ কেন্দ্র করে ফিলিস্তিনিদের প্রস্তুতি জোরদার হওয়ায় ইসরায়েলের এই বিধিনিষেধ আরও উদ্বেগ তৈরি করেছে। এ সময় ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটিতে লাখ লাখ ফিলিস্তিনি মুসল্লি একত্রিত হন।

‘ফ্যাসিবাদী দখলদার বাহিনী’

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হামাস শেখ আল-আব্বাসির গ্রেফতারের নিন্দা জানায়। তারা বলে, আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি বাহিনীর যে আচরণ করছে, প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের ওপর সরাসরি আক্রমণ।

হামাস আরও অভিযোগ করে, আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের পদক্ষেপগুলো পবিত্র স্থানের মর্যাদার ওপর ক্রমবর্ধমান লঙ্ঘনের সমান। মুসল্লিদের ওপর নিষেধাজ্ঞা, রমজানের প্রস্তুতি ব্যাহত করা ও বসতি স্থাপনকারীদের বাড়তি অনুপ্রবেশ, সবই ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিতে হচ্ছে।

হামাস ইসরায়েলের এসব পদক্ষেপকে মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার ও ‘ইহুদিীকরণের’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে। ফিলিস্তিনি এই সংগঠনটির দাবি, দখলদারদের লক্ষ্য হলো, মুসল্লিদের স্বাধীনতা সীমিত করা ও বিভাজন চাপিয়ে দেওয়া।

দখলকৃত পূর্ব জেরুজালেম; বিশেষ করে, পুরোনো শহর ও আল-আকসা মসজিদসংলগ্ন এলাকা সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় ব্যক্তিত্ব ও জেরুজালেমের ফিলিস্তিনিদের ওপর নিষেধাজ্ঞা জারি ও গ্রেফতার করা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসএএইচ