এআই সম্মেলন
চীনা রোবটকে নিজেদের দাবি, ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল ছাড়ার নির্দেশ
রোবট বিতর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল ছাড়ার নির্দেশ/ ছবি: হিন্দুস্তান টাইমস
ভারতে বহুল আলোচিত এআই সম্মেলনে চীনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করার অভিযোগে একটি ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায় গ্রেটার নয়ডাভিত্তিক গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়য়ের এক শিক্ষক রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আপনাদের ওরিয়নের সঙ্গে পরিচয় করিয়ে দেই। এটি গালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সেলেন্সে তৈরি।’
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা দ্রুত রোবটটিকে চিহ্নিত করেন ‘ইউনিট্রি গো২’ হিসেবে। এটি চীনের ইউনিট্রি রোবোটিকসের তৈরি একটি বাণিজ্যিক মডেল। ভারতে অনলাইনে এটি দুই থেকে তিন লাখ রুপিতে পাওয়া যায়। বিশ্বজুড়ে এই রোবট গবেষণা ও শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়।
সরকারি প্রতিক্রিয়া ও বিতর্ক
ঘটনাটি ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথমে ভাইরাল ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। পরে সমালোচনা শুরু হলে পোস্টটি মুছে ফেলেন।
দুটি সরকারি সূত্র জানায়, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলনের স্টল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুধবার সকাল পর্যন্ত স্টলটি খোলা ছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গণমাধ্যমের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তাদের আনুষ্ঠানিকভাবে স্টল ছাড়ার কোনো নির্দেশ জানানো হয়নি।
পরবর্তীতে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট শিক্ষক দাবি করেন, রোবটটি বিশ্ববিদ্যালয়ের তৈরি নয় এবং তারা কখনোই সেটি নিজেদের উদ্ভাবন বলে দাবি করেননি।
ভারতের প্রধান বিরোধী দল ন্যাশনাল কংগ্রেস ঘটনাটির তীব্র সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি দাবি করেছে, এ ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এআই উদ্যোগকে হাস্যকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছে।
সম্মেলনের প্রেক্ষাপট
নয়াদিল্লিতে চলমান ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটকে ‘গ্লোবাল সাউথ’-এ আয়োজিত প্রথম বড় এআই সম্মেলন হিসেবে প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইয়ের।
সম্মেলন শুরুর পর থেকেই অতিরিক্ত ভিড় ও লজিস্টিক সমস্যার অভিযোগ উঠেছে। তবে আয়োজকদের দাবি, সম্মেলনে ১০০ বিলিয়ন ডলারের বেশি এআই বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে রয়েছে আদানি গ্রুপ, মাইক্রোসফট এবং ডেটা সেন্টার প্রতিষ্ঠান ইয়োটার বিনিয়োগ প্রতিশ্রুতি।
সূত্র: রয়টার্স
কেএএ/