ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশে নতুন সরকার, ব্যবসা-বাণিজ্যে উন্নতির আশায় পশ্চিমবঙ্গবাসী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন এই সরকার ঘিরে যেমন বাংলাদেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছেন, ঠিক তেমনি বুক বেঁধেছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরাও।

আগামী দিনে ভারত-বাংলাদেশের সঙ্গে একটা ভালো বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা দরকার এমনটাই আশা করেছেন গঙ্গা পাড়ের মানুষ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বাসিন্দা দিব্যেন্দু চৌধুরী বলেন, দীর্ঘ অস্থিরতার পরে বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে। আমরা চাই, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল, তার ফিরে আসুক।

দিব্যেন্দু চৌধুরী আরও বলেন, সম্পর্ক ঠিক হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ভালো হবে। দুই দেশের বাণিজ্যই একপ্রকার আটকে রয়েছে। সব দ্রুত শুরু হোক।

গণমাধ্যম কর্মী দ্ধীপজয় দত্ত বলেন, আমরা আশা করি, ফের দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সম্পর্ক ভালো হলে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি ভালো হয়। আমাদের পেঁয়াজ ও কাঁচা মরিচ ওপারে যাবে, ওপারের গারমেন্টস আমাদের এখানে আসবে।

তিনি আরও বলেন, ওপারের প্রক্রিয়াজাত খাবারের চাহিদা আছে এখানে। আমরা ফের ওপারের খাবারের স্বাদ নিতে পারবে। আশা করি, দুই দেশের সরকার এদিকে নজর দেবেন।

শুধু তাই নয় বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণ করতে আসা একাধিক বাংলাদেশি নাগরিকও বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হওয়াটা বাংলাদেশের পক্ষে যেমন ভালো, তেমনি দুই দেশের সম্পর্কেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিল্টন জানান, বাংলাদেশের এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের কোথাও কোনো বড় ধরনের সহিংসতা ঘটেনি। আশা করি, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।

ডিডি/এসএএইচ