ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘকে ১৬ কোটি ডলার বকেয়া পরিশোধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র জাতিসংঘের কাছে বকেয়া থাকা ৪ বিলিয়ন ডলারের বেশি অর্থের মধ্যে প্রায় ১৬০ মিলিয়ন বা ১৬ কোটি ডলার পরিশোধ করেছে। জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য জানান।

জাতিসংঘের মুখপাত্র বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিয়মিত বাজেটের বকেয়া হিসেবে আংশিক অর্থ পরিশোধ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে তার ঘোষিত বোর্ড অব পিস উদ্যোগের প্রথম বৈঠকে বলেন, ওয়াশিংটন জাতিসংঘকে আর্থিকভাবে সহায়তা করবে এবং সংস্থাটিকে কার্যকর রাখতে চায়।

যুক্তরাষ্ট্র জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশ। তবে ট্রাম্প প্রশাসনের সময়ে নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে বাধ্যতামূলক অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে এবং বিভিন্ন সংস্থায় স্বেচ্ছা অনুদান কমানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি জাতিসংঘ সংস্থা থেকেও সরে গেছে।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্যমতে, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়মিত বাজেটে বকেয়া ছিল প্রায় ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক মোট বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি। এছাড়া শান্তিরক্ষা মিশনের জন্য ২ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং ট্রাইব্যুনালের জন্য আরও ৪৩ দশমিক ৬ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে।

ট্রাম্প বলেন, আমরা জাতিসংঘকে আর্থিকভাবে সহায়তা করবো এবং নিশ্চিত করবো সংস্থাটি টিকে থাকে। জাতিসংঘের অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি।

গত বছর প্রস্তাবিত বোর্ড অব পিস উদ্যোগটি প্রথমে গাজা পরিস্থিতি তদারকির জন্য পরিকল্পনা করা হয়েছিল। পরে ট্রাম্প জানান, এই বোর্ড বৈশ্বিক অন্যান্য সংঘাত নিয়েও কাজ করবে।

সূত্র: রয়টার্স

এমএসএম