কাঠ পোড়ানোর দূষণে যুক্তরাষ্ট্রে বছরে সাড়ে ৮ হাজারের বেশি অকালমৃত্যু
বাড়িতে কাঠ পোড়ানোর কারণে সৃষ্ট বায়ুদূষণে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮ হাজার ৬০০ জনের অকালমৃত্যু ঘটে—এমন তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মাত্র ২ শতাংশ পরিবার প্রধান তাপের উৎস হিসেবে কাঠ ব্যবহার করে। আরও ৮ শতাংশ পরিবার শখ, সৌন্দর্য বা অতিরিক্ত তাপের জন্য কাঠ পোড়ায়। তবে সম্মিলিতভাবে এই পরিবারগুলো শীতকালে দেশের মোট ক্ষুদ্র কণাদূষণের (পার্টিকেল পলিউশন) ২১ শতাংশের জন্য দায়ী।
গবেষণার নেতৃত্ব দেন ডানিয়েল হরটোন। যিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলেন, বনের আগুনের ধোঁয়ার স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু ঘরে কাঠ পোড়ানোর প্রভাব নিয়ে খুব কমই আলোচনা হয়।
গবেষণার প্রধান লেখক কিয়ান শ্লিপাক জানান, তিনি অবাক হয়েছেন যে আবাসিক কাঠ পোড়ানো থেকে এত বেশি দূষণ তৈরি হচ্ছে। গবেষণা দল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে ৮ লাখ ৩৯ হাজার গ্রিডে ভাগ করে প্রতিটি এলাকায় ঘণ্টাভিত্তিক দূষণের মাত্রা বিশ্লেষণ করে।
গবেষণায় আরও দেখা গেছে, কাঠ পোড়ানো শুধু গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ নয়; বড় বড় শহর ও শহরতলিতেও এর প্রভাব পড়ছে। এমনকি উষ্ণ আবহাওয়ার শহর যেমন লস অ্যাঞ্জেলেসেও শীতের রাতে কাঠ পোড়ানোর কারণে দূষণ বেড়ে যায়।
রকি পর্বতমালা (ডেনভারের পশ্চিমে), ক্যাসকেড রেঞ্জ (সিয়াটলের পূর্বে) এবং সান গ্যাব্রিয়েল পর্বতমালার মতো এলাকায় পাহাড় ও উপত্যকার কারণে দূষণ আটকে থাকে।
অধ্যাপক হর্টন বলেন, খুব অল্পসংখ্যক পরিবার কাঠের ওপর নির্ভরশীল। তাই পরিষ্কার বা বিকল্প তাপব্যবস্থায় রূপান্তর ঘটাতে পারলে বায়ুর মানে বড় উন্নতি সম্ভব।
গবেষকরা সতর্ক করেছেন, আবাসিক কাঠ ও কয়লা পোড়ানোর ক্ষতিকর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের
- ২ কাঠ পোড়ানোর দূষণে যুক্তরাষ্ট্রে বছরে সাড়ে ৮ হাজারের বেশি অকালমৃত্যু
- ৩ জাতিসংঘকে ১৬ কোটি ডলার বকেয়া পরিশোধ করলো যুক্তরাষ্ট্র
- ৪ এপস্টিন সংক্রান্ত অভিযোগে আটকের পর ছাড়া পেলেন চার্লসের ভাই অ্যান্ড্রু
- ৫ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি