ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পরিচয় লুকিয়ে ভিন্ন লেবেলে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর
বিশ্বজুড়ে খেজুরপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম মেডজুল। বিশেষ করে, রোজার সময় সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের কদর বেড়ে যায় কয়েকগুণ। তবে জেনে অনেকেই অবাক হবেন, বর্তমানে বিশ্বজুড়ে মেডজুল খেজুরের সবচেয়ে বড় সরবরাহকারী ইসরায়েল। ফিলিস্তিনের দখল করা জমিতে চাষ করে পরিচয় লুকিয়ে সারাবিশ্বে এই খেজুর রপ্তানি করছে ইসরায়েলিরা।

ইসরায়েলি খেজুর চিনবেন কীভাবে?
রমজানে ইফতারের টেবিলে খেজুর শুধু একটি ফল নয়, বরং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে সম্প্রতি বিশ্ববাজারে বিক্রি হওয়া কিছু খেজুরের প্রকৃত উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে বিক্রিত বহুল জনপ্রিয় মেডজুল খেজুরের অধিকাংশই ইসরায়েলি পণ্য, যা চাষ করা হয় দখল করা ফিলিস্তিনি ভূমিতে।

ইরানের সাথে যুদ্ধের আগেই টয়লেট নষ্ট মার্কিন রণতরীর, বিপাকে হাজারও সেনা
টয়লেট অকেজো হয়ে গেছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের। এমনিতেই টানা মোতায়েন, পরিবার থেকে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, তার ওপরে টয়লেট নষ্ট হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন রণতরীটির নাবিক তথা সেনারা।

ট্রাম্পের ইরান পরিকল্পনার পেছনে কলকাঠি নাড়ছে কারা?
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন বিমান হামলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশাসনের ভেতরে একাধিক প্রভাবশালী ব্যক্তি এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে। বিশেষ করে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের মতামতের ওপরই প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করতে পারে। উল্লেখ্য, তারা দুজনই ইহুদি ধর্মানুসারী।

ইসরায়েল সফরে মোদী: হাজার কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা
মধ্যপ্রাচ্যের বিষফোড়া খ্যাত ইসরায়েল সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে জন্য ইসরায়েলে পৌঁছেছেন তিনি। মোদীর ইসরায়েল সফরের মূল লক্ষ্য হচ্ছে ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। তবে এ সফরে বিশেষভাবে নজর থাকবে দুই দেশের প্রতিরক্ষা চুক্তি নিয়ে।

এপস্টেইন বিতর্কে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর আত্মহত্যার চেষ্টা
কুখ্যাত এপস্টেইন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় আত্মহত্যার চেষ্টা করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থ্রোবজর্ন জাগল্যান্ড। আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান ও ইউরোপ কাউন্সিলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছে ফেটাক্স নেটওয়ার্ক।

গোপনে ইসরায়েলে উড়ে এলো এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নানা মাত্রিক প্রস্তুতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বহুসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলে অবতরণ করেছে। অত্যাধুনিক এসব যুদ্ধবিমানগুলোকে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে।

বোমা হামলায় সহযোগিতা, শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছিলেন, যা দেশের পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দেয়।

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়
পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক দিলেন কলকাতার ফল ব্যবসায়ীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারি বৃষ্টিতে ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ২৩
দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জনেরও বেশি।

কেএএ/