ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কোনো সাহায্যই করেনি ন্যাটো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৬ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে ‘একেবারেই কোনো’ সাহায্য করেনি ন্যাটো। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

ইরানকে ‘উন্মাদ রাষ্ট্র’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই, তবে এই গুরুত্বপূর্ণ সময়টি ভুলে যাওয়া উচিত নয়।’

এর আগেও ট্রাম্প ন্যাটো-কে ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়ার অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এই জোটের ওপর নির্ভরশীল নয়। যদিও তিনি এখনই জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, তবুও বিষয়টি ‘বিবেচনার যোগ্য’ বলে ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প তার আগের মেয়াদকালেও একাধিকবার ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন, যা পশ্চিমা জোটে উদ্বেগ সৃষ্টি করেছিল।

তবে সম্প্রতি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশসমূহকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ইউরোপের দেশগুলো ট্রাম্পের সে আহ্বানে হরমুজ প্রণালির নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

তাদের দাবি, মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই চলমান এই সংঘাতটি যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতা বৈশ্বিক তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এই জলপথ দিয়েই বিশ্বের ২০ শতাংশ তেল পরিবাহিত হয়ে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাল্টা জবাবে ইরানও আঞ্চলিক বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার ফলে বৈশ্বিক তেল সরবরাহ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলমান রয়েছে।

কেএম