ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঈদ সামনে রেখে যান চলাচলে নতুন নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২০

কিছুদিন পরেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্রতম মাস রমজান, এরপরেই আসবে ঈদুল ফিতর। আর ঈদ আসলেই প্রতিবছর বহু মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে রওয়ানা হন। কিন্তু এবারের অবস্থা ভিন্ন। সারাবিশ্বকেই রীতিমতো ঘরবন্দী করে রেখেছে প্রাণঘাতী করোনাভাইরাস। একারণে রমজান উপলক্ষে আগেভাগেই যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া।

রোববার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর সেখানে অন্তত সাড়ে সাত কোটি মানুষ বিভিন্ন বড় শহর ছেড়ে গ্রামে যান ঈদ করতে। তবে এর ফলে এবছর করোনাভাইরাস সংক্রমণের হার অনেক বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একারণে যান চলাচল ও যাত্রী পরিবহনে বিশেষ নির্দেশনা জারি করেছে ইন্দোনেশীয় সরকার।

indonesia-1

নতুন নির্দেশনা অনুসারে, বাস, ট্রেন, বিমান, লঞ্চ-জাহাজের মতো গণপরিবহনগুলো আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে পারবে। একই আদেশ দেয়া হয়েছে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও। আর মোটরসাইকেলে সর্বোচ্চ একজনই চলাচল করা যাবে।

এছাড়া যানবাহন চলাচলের সময়ও সীমিত করা হয়েছে। গণপরিবহনে যাত্রী তোলার আগে তাদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করতে বলা হয়েছে। সব বাস টার্মিনাল, রেলস্টেশন, বিমানবন্দরে সাবান-হ্যান্ডস্যানিটাইজার রাখা এবং প্রয়োজনীয় মেডিকেল কর্মীদের প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৮৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩২৭ জন। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী জাকার্তায়।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর