ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সমালোচনার পর জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা স্কট মরিসনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৫ অক্টোবর ২০২১

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। এতে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্ব নেতাদের। কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যোগ দেবেন কি না তা নিয়ে কয়েক সপ্তাহ চলে বেশ জল্পনা-কল্পনা। অবশেষে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানালেন তিনি এ সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মরিসন শুক্রবার সাংবাদিকদের জানান, জলবায়ু সম্মেলনে আমি অংশগ্রহণ করবো। কারণ বৈশ্বিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিতের পর অ্যাক্টিভিস্টদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। প্রিন্স চার্লসও বিস্ময় প্রকাশ করেন তার এমন সিদ্ধান্তের ফলে। এসময় জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চার্লস।

গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবারের জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দেন। আর তখন থেকেই বিশ্বব্যাপী তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জলবায়ু ইস্যুতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বৈঠকে বসবেন বিশ্ব নেতারা। সেখানে বৈশ্বিক তাপমাত্রা বন্ধে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা করবেন তারা।

বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে কয়লা এবং গ্যাসের বড় উৎপাদনকারী দেশ। তাই জলবায়ু ইস্যুতে পদক্ষেপ গ্রহণ করার জন্য চাপে আছে দেশটি।

এমএসএম/এএসএম