ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

২৮ অক্টোবর সংঘর্ষ: ফখরুল-আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

২০২৩ সালের বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিন-উন-নবী খান সোহেল, বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা নাসির উদ্দীন অসীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। এদিন বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ হামলা করলে উভয়পক্ষে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। এসময় উভয়পক্ষে অনেকে হতাহত হন।

ওই ঘটনার দুইদিন পর ৩১ অক্টোবর রাজধানীর পল্টন থানায় দণ্ডবিধি ও বিস্ফোরকদ্রব্য উপাদানাবলি আইনে মামলা দায়ের করেন রমনা মডেল থানার উপপরিদর্শক (তৎকালীন) আ. আউয়াল। মামলাটি তদন্ত করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

এমআইএন/ইএ/এমএস