ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠির লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযুক্ত কর্মকর্তাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া গুলিতে পা হারানো লিমনকে দুই কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি সাংবাদিকদের জানান, লিমনকে নানাভাবে হয়রানি করা কেন আইন বহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তার মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে না, সেই মর্মে রুল জারি করা হয়েছে। পা হারানোর ঘটনায় তার যে ক্ষতি হয়েছে সেজন্য তাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এর আগে র‍্যাবের হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন।  ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন উচ্চ আদালত।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‍্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি সাংবাদিকদের জানান, র‍্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন।

এর কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এই ঘটনা ঘটে। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর। জীবনে হার না মানা এক লড়াইয়ে উত্তীর্ণ হয়ে লিমন বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

এফএইচ/ইএ