ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

গৌরীপুরে তিনজনকে হত্যা: প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের হাজির করতে ১৬ ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়েছেন তিনজন।

আরও পড়ুন
অফিস-হাসপাতালের আশপাশে হর্ন বাজালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা 
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের মুক্তি নয় 

এর আগে রোববার সকালে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এর ওপরে শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এছাড়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার আর্জি জানান।

এ বিষয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনজন আন্দোলনকারীকে গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা। এর মধ্যে খুব কাছে গিয়ে এক জুলাই যোদ্ধার মাথায়-বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন এক এসআই।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে আমরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলাম। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল, যোগ করেন তাজুল ইসলাম।

এফএইচ/কেএসআর