ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক’

হাসিনা-কামালসহ ৬ জনের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামির হাজিরার বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ঠিক করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিচারিকপ্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে দুই জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকিদের আজ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু গ্রেফতার দুই জন ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন না বা হাজির না হওয়ায় তাদেরকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

গ্রেফতার আসামিরা হলেন, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে, গত ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

অপারেশন স্ট্রম-২৬ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

 এফএইচ/এসএনআর