অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র্যাবের সাবেক ডিজি হারুনের সম্পদ ফ্রিজ
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর আদালত এই নির্দেশনা দেন।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ প্রায় ৬৪ লাখ টাকার অধিক সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়।
এমডিএএ/এএমএ