ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হট্টগোল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বরিশাল আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মানববন্ধন এবং বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী মানববন্ধন করেন। এতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর, আইনজীবী সুব্রত কুন্ডু, চঞ্চল কুমার বিশ্বাস, কুমার দেবুল দে প্রমুখ। তারা বরিশাল আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

অন্যদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর এবং আইনজীবী সমিতির নিচতলা ও দ্বিতীয়তলা প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজি মো. তৌহিদুল ইসলাম, কাজী জয়নুল আবেদীন প্রমুখ।

অভিযোগ উঠেছে, বিএনপির বিক্ষোভ মিছিলের একপর্যায়ে সেখান থেকে মানববন্ধনরত আওয়ামী লীগের আইনজীবীদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরে আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আবু সাঈদ সাগরের রুমে গিয়ে (দ্বিতীয় তলায় ২০২১ নম্বর কক্ষ) শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়।

আবু সাঈদ সাগর বলেন, ‘দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জনপ্রিয়তা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে একদল আইনজীবী আমার রুমে স্থাপিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কতিপয় আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিল। এ ঘটনায় সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ছবি ভাঙচুরের ঘটনা জানা নেই।’

এফএইচ/একিউএফ