আনিস আলমগীরের জামিন শুনানি ৮ মার্চ
আদালতে সাংবাদিক আনিস আলমগীর/ছবি: জাগো নিউজ
অবৈধ সম্পদ সঞ্চয় ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ঠিক করেছেন আদালত।
রোববার (১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি সাংবাদিকদের জানান, বাদীপক্ষের আবেদনের পর আদালত শুনানির তারিখ নির্ধারণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে তার মক্কেল জামিন পাবেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ১৫ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
এ অবস্থায় গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে তার অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা। এছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে ১৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ের হিসাব যুক্ত করে মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি বাবদ ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ থেকে ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এই হিসাব অনুযায়ী, তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে, যা মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ। দুদকের দাবি, এ অংশ জ্ঞাত আয়বহির্ভূত।
এমডিএএ/ইএ