কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক ৯ মার্চ
কণ্ঠশিল্পী আসিফ আকবর, ফাইল ছবি
অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২–এ বিচারক আয়েশা আক্তার মৌসুমি সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ মার্চ শুনানির তারিখ নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আগামী ৯ মার্চ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য করবেন।
মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন।
আজ মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক জামাল উদ্দিন ও তার সঙ্গে শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী প্রশান্ত কুমার সিকদার বলেন, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় দায়ের করা হয়।
এমডিএএ/এসএনআর