ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) হিসেবে কর্মরত পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সালাম ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের সময় অন্য সহযোগীদের বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন বক্তব্য দেন। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের শনাক্ত, তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সালামের ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাইয়ের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

গত ১৫ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে সালামকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার এসব কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পরে গোয়েন্দা সংস্থার একটি দল আগারগাঁও পানির ট্যাংক এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এমডিএএ/একিউএফ