মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছালো
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম/ফাইল ছবি
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়েছে।
আগামী ৯ এপ্রিল এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৩০ মার্চ) প্রসিকিউটর গাজি এমএইচ তামিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১১ মার্চ রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৩০ মার্চ দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এরও আগে গত ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে মেনন ও কামরুল নানা উসকানি দেন। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষপদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। শুনানিতে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন করেন তিনি।
তবে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। ওইদিন শুনানি শেষে আদেশের জন্য রাখেন আদালত।
গত ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত তাদের হাজির করার নির্দেশ দেন।
রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ‘মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র’ করেছিলেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
সেসময় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গত ৩ ফেব্রুয়ারি আমলে নেয় ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা মেননকে ২০২৪ সালের ২২ আগস্ট গ্রেফতার করে পুলিশ। আর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তারা কারাগারে রয়েছেন।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দিতে হবে ‘যোগ্যতা যাচাই পরীক্ষা’
- ২ মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছালো
- ৩ নাসিরের সঙ্গে বিয়ে সম্পূর্ণ বৈধ ছিল: তামিমা
- ৪ খালেদা জিয়ার চিকিৎসায় বাধা সৃষ্টি করেন সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল
- ৫ অবৈধ বার ও জুয়ার আসর বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চেয়ে রিট