সাবেক ডিআইজি আবদুল জলিল কারাগারে
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল/ফাইল ছবি
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি এ মামলায় আবদুল জলিলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিল মণ্ডলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্বে ছিলেন আবদুল জলিল। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন
সিএমপির সাবেক কমিশনার জলিল গ্রেফতার
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এ মামলায় বর্তমানে আরও পাঁচ আসামি গ্রেফতার হয়ে কারাগারে। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজত নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়।
এফএইচ/এমকেআর