রূপপুর বিদুৎ প্রকল্পে বালিশকাণ্ড, হাইকোর্টে এক আসামির জামিন
ফাইল ছবি
পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের ভবনের জন্য অস্বাভাবিক দামে বালিশসহ অন্যান্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক বলেন, কিছুদিন আগে দু’টি মামলায় জামিন আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। অপর মামলাটির শুনানি আগামী রোববার।
এদিকে এ জামিন আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে বলে জানান তাদের আইনজীবী খুরশীদ আলম খান।
গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ মামলা দু’টি করে। তারপর থেকে কারাগারেই আছেন আসিফ হোসেন। দু’টি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা ‘বালিশকাণ্ড’ নামে পরিচিতি পেয়েছে।
এফএইচ/এমএফ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ