ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

পাকা চুলে প্রাকৃতিক সমাধান, ভাইরাল ট্রিক কতটা কার্যকর

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:২০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। ঘন, কালো, ঝলমলে চুল যেমন মুহূর্তেই নজর কাড়ে, তেমনি বয়সের আগেই চুল পেকে গেলে অনেকের মনেই অস্বস্তি তৈরি হয়। পুরুষদের ক্ষেত্রে কাঁচা-পাকা চুল কখনো ‘স্টাইল স্টেটমেন্ট’ হয়ে উঠলেও, নারীদের কাছে এটি প্রায়ই বিড়ম্বনার কারণ। তাই অনেকেই ভরসা রাখেন কলপ বা কেমিক্যাল হেয়ার কালারের ওপর। কিন্তু বারবার রাসায়নিক রং ব্যবহার করতে করতে চুল হয়ে পড়ে রুক্ষ, প্রাণহীন ও ক্ষতিগ্রস্ত।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘরোয়া টিপসগুলো স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ায়। লবঙ্গ, কালো জিরা ও চা পাতা দিয়ে তৈরি প্রাকৃতিক মিশ্রণ এখন বেশ আলোচনায়। দাবি করা হয়, নিয়মিত ব্যবহার করলে পাকা চুল ধীরে ধীরে কালো হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন থেকেই যায়-এসব কি সত্যিই কার্যকর, নাকি শুধু ট্রেন্ডের জোয়ার?

বিশেষজ্ঞদের মতে, চুল পাকার মূল কারণ মেলানিনের মাত্রা কমে যাওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রঞ্জক পদার্থের উৎপাদন স্বাভাবিকভাবেই কমে। পাশাপাশি জেনেটিক্স, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন ও পুষ্টির ঘাটতিও বড় ভূমিকা রাখে। ফলে একদিনে বা কয়েকবার ব্যবহারেই পাকা চুল পুরোপুরি কালো হয়ে যাবে-এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

তবে লবঙ্গ ও কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পের স্বাস্থ্যে সহায়ক হতে পারে। এগুলো রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত রাখে। অন্যদিকে চা পাতার রং চুলে সাময়িকভাবে গাঢ় আভা আনতে পারে, বিশেষ করে হালকা পাকা চুলে। অর্থাৎ এগুলো স্থায়ী সমাধান না হলেও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রাকৃতিক হেয়ার ডাই তৈরি করবেন যেভাবে
প্রথমে একটি লোহার পাত্র নিন। লোহার পাত্র ব্যবহারের কারণ হলো এতে থাকা আয়রন চুলের রঞ্জকতা ধরে রাখতে সহায়ক বলে মনে করা হয়। এরপর পাত্রে ৯-১০টি লবঙ্গ,১ চা চামচ কালো জিরা, ১ চা চামচ চা পাতা,এক টুকরো খেজুর নিন। এবার মাঝারি আঁচে উপাদানগুলো হালকা ভেজে নিন। যখন রং গাঢ় হতে শুরু করবে, তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া বানিয়ে নিন। এরপর আধ কাপ গরম পানির সঙ্গে এই গুঁড়া একটি লোহার পাত্রে ভিজিয়ে রাখুন।

যাদের চুল শুষ্ক, রুক্ষতা আছে তারা মিশ্রণে ২-৩ চা চামচ আমলকীর গুঁড়া ও অ্যালোভেরা জেল যোগ করতে পারেন। তবে যদি চুল আগে থেকেই সিল্কি হয়, তাহলে আমলকী না দিলেও চলবে।

ব্যবহার করবেন যেভাবে
চুলে লাগানোর একদিন আগে রং তৈরি করে রাখুন।পরদিন মিশ্রণটি চুলের গোড়া থেকে পুরো চুলে ভালোভাবে লাগান। ২-৩ ঘণ্টা রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। একবার ব্যবহারে এর প্রভাব প্রায় ৪০-৪৫ দিন পর্যন্ত থাকতে পারে। নিয়মিত ২-৩ বার ব্যবহার করলে আলাদা করে রং করার প্রয়োজন নাও হতে পারে।

যদিও এটি প্রাকৃতিক উপাদানে তৈরি, তবুও সবার চুল ও ত্বকের ধরন এক নয়। ব্যবহার করার আগে হাতের ত্বকে অল্প লাগিয়ে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। এছাড়া চুল হঠাৎ বেশি পাকা শুরু করলে তা ভিটামিন ঘাটতি, হরমোনজনিত সমস্যা বা স্ট্রেসের কারণেও হতে পারে-সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি, টাইসম অব ইন্ডিয়া, নিউজ ১৮

আরও পড়ুন:
চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে 
শীতকালে চুলে খুশকি বাড়ার আগেই নিন প্রতিরোধের ব্যবস্থা 

এসএকেওয়াই/

আরও পড়ুন